২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

​অ্যাম্বুলেন্সেই হাজতি নারীর পুত্রসন্তানের জন্ম

জেলার আবিদ আহমেদের উদ্যোগে মা ও নবজাতকের পাশে যশোর কেন্দ্রীয় কারাগার

আপলোড সময় : ০৫-০৯-২০২৬
জেলার আবিদ আহমেদের উদ্যোগে মা ও নবজাতকের পাশে যশোর কেন্দ্রীয় কারাগার ​অ্যাম্বুলেন্সেই হাজতি নারীর পুত্রসন্তানের জন্ম

মোশারফ করিম, যশোর : উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক নারী হাজতি। শুক্রবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে যশোরের চুরামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় মানবিকতার হাত বাড়িয়ে মা ও নবজাতকের পাশে দাঁড়িয়েছে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

জানা গেছে, মহিলা হাজতি নং-৩৮০/২৬ বৃষ্টি খাতুন (১৯)-কে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে তাঁর প্রসববেদনা তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে অ্যাম্বুলেন্সেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

নবজাতকের আগমনের খবর পাওয়ার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ। তাঁর উদ্যোগে মা ও নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করা হয়।

শুধু চিকিৎসা সহায়তাই নয়, নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার, অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করা হয়। আনন্দঘন এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মা ও নবজাতককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

একটি নতুন প্রাণের আগমন সব প্রতিকূলতার মাঝেও বয়ে আনে নতুন আশা ও স্বপ্ন। কারাগারের কঠিন বাস্তবতার মাঝেও ছোট্ট এই শিশুর জন্ম যেন মানবিকতার এক অনন্য বার্তা হয়ে এসেছে।

বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। মা ও শিশুর সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন সংশ্লিষ্টরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ