২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

​সতের বছরের শ্যাওলা-পড়া দেশ তারেক রহমানের নেতৃত্বে বহমান হবে : আমান উল্লাহ আমান

আপলোড সময় : ০৫-০৯-২০২৬
​সতের বছরের শ্যাওলা-পড়া দেশ তারেক রহমানের নেতৃত্বে বহমান হবে : আমান উল্লাহ আমান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসু ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, সতের বছরের শ্যাওলা-পড়া দেশ তারেক রহমানের নেতৃত্বে আবারও বহমান হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন খাল খননের মাধ্যমে শ্যাওলা দূর করে পানির প্রবাহ সচল করেছিলেন এবং মানুষের জীবন-জীবিকার ব্যবস্থা করেছিলেন, তেমনি দীর্ঘ ১৭ বছরের স্থবিরতা কাটিয়ে দেশ আজ তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল নানা ষড়যন্ত্রের নীলনকশা আঁকছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কখনোই সফল হবে না। বিএনপি সাধারণ কোনো দল নয়, এ দলের শিকড় জনগণের মধ্যে অনেক গভীরে প্রোথিত।

গতকাল শুক্রবার বিকেলে কেরাণীগঞ্জের ঢাকা-২ আসন বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আমান উল্লাহ আমান আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসহীন নেত্রী। আর বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, কেরাণীগঞ্জ তথা ঢাকা-২ আসনে কোনো ধরনের মাদক কারবার, সন্ত্রাস, জুলুম-নির্যাতন কিংবা ভূমিদস্যুতার স্থান হবে না। আমরা ঢাকা-২ আসনকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ