২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

​শিক্ষার লক্ষ্য শুধু সার্টিফিকেট নয়, মানবিক মানুষ তৈরি: ডিসি সাইফুর রহমান

আপলোড সময় : ০৮-০৯-২০২৬
​শিক্ষার লক্ষ্য শুধু সার্টিফিকেট নয়, মানবিক মানুষ তৈরি: ডিসি সাইফুর রহমান আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা ও আলোচনা সভা

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: শিক্ষার লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল মানুষ তৈরি করা এমন মন্তব্য করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। 

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও শিক্ষার্থীবান্ধব হতে হবে। শুধু অবকাঠামো বা পরীক্ষার ফলাফলের ওপর গুরুত্ব না দিয়ে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী মানসম্মত শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

''মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

জেলা প্রশাসক বলেন, দেশে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং ও প্রাইভেট শিক্ষার ব্যাপক বিস্তার ঘটেছে। এর অন্যতম কারণ শিক্ষার প্রতি মানুষের ক্রমবর্ধমান চাহিদা। সরকারি প্রতিষ্ঠানগুলো যদি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে অভিভাবকরা বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকবেন।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব।’ প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো বিবেচনা করে আন্তরিকতার সঙ্গে শিক্ষা দিতে হবে। 

তিনি আরও বলেন, সব শিক্ষার্থী পরীক্ষায় প্রথম হবে না। কেউ খেলাধুলায়, কেউ গান-নাচে, কেউ বিজ্ঞানচর্চায় আবার কেউ অন্য কোনো সৃজনশীল কাজে ভালো করতে পারে।শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের এসব প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। বিদ্যালয় এমন হওয়া উচিত, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আনন্দের সঙ্গে ভালো কিছু শিখতে পারে।

প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর উদ্যোগের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে শুধু খাবার বা অবকাঠামো দিয়ে নয়, মানসম্মত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমেই বিদ্যালয়কে আকর্ষণীয় করে তুলতে হবে। 

তিনি বলেন, শিক্ষার সঙ্গে সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও জড়িত। সরকারি-বেসরকারি পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রের উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। 

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ