২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

​‘তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে’

পরিচ্ছন্ন-নিরাপদ নগরী গড়ার প্রত্যয় আনন্দ মোহন কলেজে

আপলোড সময় : ০৯-০৯-২০২৬
পরিচ্ছন্ন-নিরাপদ নগরী গড়ার প্রত্যয় আনন্দ মোহন কলেজে সংগৃহীত ছবি

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: “শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে আধুনিক নগরী গড়ে ওঠে না। নাগরিক সচেতনতা, দায়িত্বশীলতা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার সমন্বয়েই একটি বাসযোগ্য নগরী গড়ে ওঠে। এ কাজে তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে”, বলেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। তিনি বলেন, তরুণরাই সমাজ পরিবর্তনের প্রধান শক্তি। তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে নগর ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করা গেলে ময়মনসিংহকে আরও সুন্দর, আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপ দেওয়া সম্ভব।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আনন্দ মোহন কলেজ আয়োজিত ‘আধুনিক পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী: তারুণ্যের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নগরীর পরিচ্ছন্নতা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়। নগরবাসী ও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ানো গেলে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, ময়মনসিংহের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে। নগরীর সমস্যা চিহ্নিত করা থেকে শুরু করে সমাধানের পথ বের করা পর্যন্ত তরুণদের সম্পৃক্ত করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এ.কে.এম সামছুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোশারফ হোসেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই তাদের চিন্তা ও মতামতকে গুরুত্ব দিয়ে নগরীর সমস্যা সমাধানে সম্পৃক্ত করতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ হেদায়েতুল ইসলাম। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ঝর্ণা বেগম মানপত্র পাঠ করে প্রধান অতিথির হাতে তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এস. এম. আলমাস হোসাইন।

সভায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আশীষ আল মাহমুদ তুহিন, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার ও প্রভাষক রুকুনোজ্জামান বক্তব্য রাখেন।

এছাড়া জেলা ছাত্র ইউনিয়ন নেতা শিপন হৃদয়, কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে হুজ্জাতুল খান মুনসহ মোস্তাক সরকার, নাসিমুল হাসান মৃধা, তানজিল আহমেদ তালুকদার, নাদিম আহমেদ মারুফ, তোহিদ জামান বিজয় ও রাকিব বক্তব্য রাখেন।

বক্তারা যানজট, অপরিচ্ছন্নতা, পরিবেশ দূষণ ও নাগরিক শৃঙ্খলাসহ নগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও বাস্তবভিত্তিক প্রস্তাবকে নগর ব্যবস্থাপনায় কাজে লাগাতে পারলে ময়মনসিংহকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরীতে রূপ দেওয়া সম্ভব। সভায় আনন্দ মোহন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ