২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

​ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা

‘দায়িত্বশীলরা দায়িত্ব পালন করলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব’

আপলোড সময় : ১৩-০৯-২০২৬
‘দায়িত্বশীলরা দায়িত্ব পালন করলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব’ সংগৃহীত ছবি

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ‘শুধু সভা, বৈঠক ও আলোচনা করলেই সমস্যার সমাধান হবে না, সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ময়মনসিংহে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। 

রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।দায়িত্বশীলরা দায়িত্ব পালন করলে অপরাধ অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষ করে ফুলপুর ও তারাকান্দার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এর প্রভাব ধীরে ধীরে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়বে বলেও সতর্ক করেন সংসদ সদস্য। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের মানুষকে সম্পৃক্ত করার বিকল্প নেই। মাদকবিরোধী স্বেচ্ছাসেবী কমিটি ও বিট পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করতে হবে। তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। জেলা প্রশাসক বলেন, মাদকবিরোধী কাজে তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ভালো কাজে সহযোগিতা করতে গিয়ে কেউ হয়রানি বা মিথ্যা মামলার শিকার হলে অন্যরা ভবিষ্যতে সহযোগিতা করতে নিরুৎসাহিত হবেন। 

সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি, কালোবাজারি ও অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর নজরদারি করতে হবে। কৃষক যাতে সার নিয়ে কোনো ধরনের সংকটে না পড়েন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আশরাফুল করিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরীসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ