৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

খোকসায় ৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও অর্থ উপহার

আপলোড সময় : ১৪-০৯-২০২৬
খোকসায় ৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও অর্থ উপহার সংগৃহীত ছবি

হুমায়ুন কবির, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: (১৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জনকারী ৩৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শোমসপুর ইউনিয়নের শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৭ জনসহ মোট ৩৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা করে উপহার তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামান বিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকোনুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মো. রিপন হোসেন বলেন, “বর্তমান সরকার শিক্ষা ও উন্নয়নবান্ধব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই আয়োজন। ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে।”

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামান বিল্টু বলেন, “এবারের এসএসসি পরীক্ষায় শোমসপুর বালিকা বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে এবং শিক্ষার গুণগত মান ধরে রাখতে এ ধরনের উদ্যোগ নিয়মিত হওয়া প্রয়োজন।”

সংবর্ধনা পেয়ে অনুভূতি ব্যক্ত করে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সাদিয়া সিদ্দিক বলে, “শিক্ষক ও বাবা-মায়ের দোয়া ও কঠোর পরিশ্রমে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এমন সংবর্ধনা ও স্বীকৃতি আমাদের ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানে সহকারী শিক্ষক সামিউল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগে আনন্দ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ