বাকৃবি ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের নির্বাচন
সভাপতি-দুলাল, সম্পাদক-মামুন
সভাপতি দুলাল, সম্পাদক মামুন
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: দীর্ঘ দুই বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ নির্বাহী কমিটির ২০২৬-২০২৭ মেয়াদের সাধারণ নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মোঃ দুলাল হোসেন ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ১০১ ভোট পেয়ে জয়লাভ করেছেন মামুন মিয়া।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ রুহুল আমীন।
নির্বাচনে ১৫ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদি নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পদে মোঃ সয়োদুজ্জামান সোহেল ১৬৯ ভোট, সহকারী সাধারণ সম্পাদক পদে মোঃ জহিরুল ইসলাম ১৬০ ভোট, অর্থ সম্পাদক পদে মাহবুবুর রহমান ১৮৯ ভোট, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আবুল কালাম ১৭২ ভোট এবং মহিলা সম্পাদিকা পদে মোছাঃ জাহানারা আক্তার ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে মোঃ নয়ন হাসান এবং সমাজকল্যাণ সম্পাদক পদে মোখলেছুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে মোঃ শফিকুল ইসলাম, মোঃ সুজন মিয়া, মোহাম্মদ ছানাউল্লাহ, এস. এম. ইদ্রীস আলী, মোঃ শফিকুল ইসলাম ও মুহাম্মদ সুজাত আলীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই বাকৃবি ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। ভোটারদের সরব উপস্থিতি ও প্রার্থীদের কর্মী-সমর্থকদের ব্যস্ততায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ রুহুল আমীনের পাশাপাশি সহকারী হিসেবে নির্বাচন কমিশনার মুহাম্মদ আবদুর রউফ, মোঃ আলাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম ও রহমত আলী দায়িত্ব পালন করেন। এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২৯৫ জন ভোটারের মধ্যে ২৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাতটি পদে ১৮ জন প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে আটজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কমেন্ট বক্স