নিরাপদ খাদ্যের লড়াইয়ে দক্ষ জনবল গড়ছে বাকৃবি
সংগৃহীত
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বিএসসি ইন ফুড সেফটি ম্যানেজমেন্ট (অনার্স)’ শিক্ষার্থীদের ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (IIFS) কনফারেন্স রুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
IIFS-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার। IIFS-এর পরিচালক প্রফেসর ড. মোঃ গোলাম মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ রুহুল আমীন। লেকচারার ফারহানা বিনতে ফেরদৌসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন IIFS-এর সহযোগী পরিচালক প্রফেসর ড. ফাহমিদা খাতুন।
অনুষ্ঠানে ইন্টার্নশিপ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে তথ্যবহুল উপস্থাপনা করেন সহকারী প্রফেসর ড. অনিরুদ্ধ সরকার। পরে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কোর্সের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মিনারা খাতুন, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ.কে.এম. আদহাম এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী।
ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বলেন, ছয় মাস মেয়াদি এ ইন্টার্নশিপ সম্পন্ন করার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য সৌভাগ্যের বিষয়। সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ এ কোর্সটি নিষ্ঠা, সততা ও একাগ্রতার সঙ্গে সম্পন্ন করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ফুড সেফটি ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ইন্টার্নশিপ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
ভাইস-চ্যান্সেলর IIFS-এর কোর্স কারিকুলামের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে এটিকে আরও আধুনিক ও মানসম্মত করার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে তিনি ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সেফটি কিট ও ল্যাব ড্রেস বিতরণ করেন। সমাপনী বক্তব্যে IIFS-এর পরিচালক প্রফেসর ড. মোঃ গোলাম মর্তুজা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, মোট ১২ ক্রেডিটের ছয় মাস মেয়াদি এ ইন্টার্নশিপ প্রোগ্রামে IIFS-এর চতুর্থ ব্যাচের ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স