গুজব ও অপতথ্য ঠেকাতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর
সংগৃহীত
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের ওপর না ছেড়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, পুলিশের সীমিত জনবল ও সম্পদের বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকেও সহযোগী ভূমিকা পালন করতে হবে। সম্ভাব্য নাশকতা ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে বাজার ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সতর্কতা বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে হবে।
মাদক নিয়ন্ত্রণে চিহ্নিত কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান জোরদারের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদকবিরোধী অভিযান কোনো নির্দিষ্ট সময়ের কর্মসূচি নয়; এটি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক কারবারিদের চলাচল বন্ধে সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বিত কার্যক্রম প্রয়োজন। তথ্যদাতাদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
জুয়া প্রতিরোধে চলমান অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও সাফল্য জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পর্যায়ক্রমে সিসিটিভির আওতায় আনতে হবে। যেসব স্থানে ক্যামেরা থাকলেও অচল রয়েছে, সেগুলো দ্রুত সচল করার উদ্যোগ নিতে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশনকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর গণমাধ্যম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এসব আয়োজনে নান্দাইলের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সরকারের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির তথ্য জনগণের কাছে দ্রুত পৌঁছে দিতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, বিলবোর্ড ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। উপজেলা পর্যায়েও ডিজিটাল বিলবোর্ড স্থাপনের উদ্যোগের কথা জানান তিনি।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে এর সত্যতা যাচাই করা জরুরি। মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে স্থানীয় বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন। এ সময় জমে থাকা পানি অপসারণ, ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় সার্কেল এসপি দেবাশীষ কর্মকার, নান্দাইল মডেল থানার ওসি মোঃ আজাহারুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স