রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী মহানগরীর পবা থানা এলাকা থেকে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি)। উদ্ধারকৃত মাদকের পাশাপাশি আসামিদের কাছ থেকে ২টি মোবাইল ফোনও আলামত হিসেবে জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পবা থানাধীন বড়গাছী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ রাসেল আলী (২৪), পিতা: মোঃ সালাম মণ্ডল, সাং- বড়গাছী পূর্বপাড়া; ২. মোঃ দুলাল (৫০), পিতা: মৃত মসলেম আলী, সাং- শিরলিয়া; এবং ৩. মোঃ সিরাজ আহমেদ (২০), পিতা: মৃত বেলায়েত হোসেন, সাং- বড়গাছী কারিগরপাড়া। তারা সবাই রাজশাহী জেলার পবা থানার বাসিন্দা।
এসআরবি-৫ সূত্র জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে পবা থানাধীন বড়গাছী শেখ পাড়া গ্রামের মো. রাসেল আলীর বসতবাড়িতে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-৫-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা ৬১ কেজি গাঁজা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কমেন্ট বক্স