( দেবদত্ত মুৎসুদ্দী রাঙ্গামাটি) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করেছেন মধু পূর্ণিমা।
রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধুপূর্ণিমা উদযাপন
সংগৃহীত ছবি
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে ভক্তদের সমাগম ঘটে।
মধু পূর্ণিমা উপলক্ষে শত শত দায়ক-দায়িকা ও ভক্ত বৌদ্ধ বিহারে গিয়ে পুণ্যলাভের আশায় ভিক্ষুদের মধু, ফলমূল, মধু মিশ্রিত পায়েস ও ছোয়াইং (খাবার) দান করেন। এ সময় তারা ধর্মীয় প্রার্থনায় অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
রাঙ্গামাটি শহরের বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে এ উপলক্ষে ধর্মদেশনা দেন বিহারাধ্যক্ষ করুণাপাল থের। পুণ্যলাভের আশায় অনুষ্ঠানে অংশ নেন বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা সভাপতি সুকুমার বড়ুয়া, সাধারণসম্পাদক সনত কান্তি বড়ুয়া সহ দায়ক-দায়িকা ও গণ্যমান্য ব্যক্তিরা। পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্যে সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ প্রজ্বালন, ধর্মীয় সভা ও বুদ্ধ-কীর্তনসহ নানা ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। জেলার বিভিন্ন উপজেলাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মধুপূর্ণিমা উদযাপন করা হয়।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস ও ধর্মীয় কাহিনি অনুযায়ী, গৌতম বুদ্ধ বর্ষাকালীন বনবাসে থাকাকালে পারিলেয়্য বনে অবস্থান করেন। এ সময় একটি হাতি প্রতিদিন বুদ্ধকে ফলমূল দান করত। পরে একটি বানর মৌচাক এনে বুদ্ধকে দান করলে মৌচাকে ছানা ও ডিম থাকায় তিনি তা গ্রহণ করেননি। এরপর বানরটি মৌচাকটি পরিষ্কার করে পুনরায় মধু দান করলে বুদ্ধ তা গ্রহণ করেন। পারিলেয়্য বনে হাতির সেবা ও বানরের মধু দানের এই স্মৃতিকে কেন্দ্র করেই ভাদ্র মাসের পূর্ণিমার দিনটি বৌদ্ধদের কাছে ‘মধু পূর্ণিমা’ হিসেবে স্মরণীয় হয়ে আছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালিত হওয়ায় একে ‘ভাদ্র পূর্ণিমা’ নামেও অভিহিত করা হয়।
কমেন্ট বক্স