আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি সরকারের ৭ মাসেও : ফয়জুল করীম
সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও বৈষম্যের বিরুদ্ধে অতিষ্ঠ হয়েই মানুষ শেখ হাসিনার গুলির মুখেও রাজপথে লড়াই করেছে। অনেক জীবন ও রক্তের পরে বিএনপি সরকার গঠন করেছে।
সেই সরকারের সাত মাস অতিবাহিত হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের বিশ্বকবি ভবনে আয়োজিত ‘সীরাত কনফারেন্স ও কোয়েস্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, গত কয়েকদিনে মব করে একটি স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, শনিবার রাতে একজন কন্টেন্ট ক্রিয়েটরের স্টুডিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
এ পরিস্থিতি চলতে থাকলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভের বিস্ফোরণ হতে পারে।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন দর্শন, নৈতিকতা ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফয়জুল করীম বলেন, আজকের শিক্ষার্থী সমাজের আদর্শিক ও নৈতিক সংকটের একমাত্র সমাধান রাসূলে আরাবী (সা.) এর সীরাতের মধ্যে নিহিত। শিক্ষার্থীদের জীবন গঠনে নবীজির আদর্শই একমাত্র পন্থা এবং একমাত্র উত্তম উদাহরণ।
রাসুল (সা.) এর জীবন চরিত্রকে অনুসরণ করেই একজন শিক্ষার্থী ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে প্রকৃত সফলতা অর্জন করতে পারে। সীরাত শুধু একটি ইতিহাস নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
আলোচনা শেষে সীরাত কোয়েস্ট প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মাদ ইউনুছ আহমেদ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. সাদরুদ্দীন আহমেদ প্রমুখ।
কমেন্ট বক্স