তৃতীয় ভাষা ও আন্তর্জাতিক সহযোগিতায় ইউজিসির সভায় রুয়েট উপাচার্য
তৃতীয় ভাষা ও আন্তর্জাতিক সহযোগিতায় ইউজিসির সভায় রুয়েট উপাচার্য
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালু এবং উচ্চশিক্ষায় আন্তর্জাতিক ও শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়েছেন রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী ইউজিসিতে অনুষ্ঠিত এ সভায় রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল নিয়োগ, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা নিরূপণ, রিসোর্স ম্যাপিং এবং কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক তৃতীয় ভাষা শিক্ষার পাশাপাশি রুয়েটের আন্তর্জাতিকীকরণ, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবনের বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকীকরণে ইউজিসির সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, রুয়েটে ইনোভেশন হাব ও ইসার্চ ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি রুয়েটের সিন্ডিকেট সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইউনিট এবং ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, বিদেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ গবেষণা ও এক্সচেঞ্জ কার্যক্রম জোরদারে এসব ইউনিট ও সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য বলেন, এসব ইউনিট ও সেন্টার কার্যকরভাবে পরিচালনা ও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় জনবল প্রদানে ইউজিসির সহযোগিতা প্রয়োজন।
শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াতে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরও কার্যকর অংশীদারিত্ব প্রয়োজন। একই সঙ্গে শিল্পখাতের চাহিদাকে শিক্ষা ও গবেষণার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে হবে।
গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবিত প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং বাণিজ্যিকীকরণের বিষয়ে তিনি বলেন, রুয়েটে একটি টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অর্থায়নের প্রস্তাব এইচআইসি প্রকল্পে পাঠানো হয়েছে। টিটিও প্রতিষ্ঠিত হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন শিল্পখাতে স্থানান্তর এবং বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি হবে। এ উদ্যোগ বাস্তবায়নেও ইউজিসির সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সভায় তৃতীয় ভাষা নির্বাচনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক চাহিদা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগকে গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান, শিক্ষার্থীদের চাহিদা এবং শ্রমবাজারের প্রয়োজন বিবেচনায় নিয়ে তৃতীয় ভাষা নির্বাচন করার প্রস্তাব করা হয়।
এ ছাড়া তৃতীয় ভাষায় নন-ক্রেডিট কোর্সের পাশাপাশি বিভাগভিত্তিক অন্তত একটি ভাষা ক্রেডিট কোর্স হিসেবে চালুর প্রস্তাব করা হয়। মতবিনিময় সভায় বাংলাদেশকে উচ্চশিক্ষার একটি আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ‘স্টাডি ইন বাংলাদেশ’ পোর্টাল চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
কমেন্ট বক্স