ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট- হাইড্রোলিক হর্নসহ ১০টি হর্ন জব্দ, ৬ চালককে জরিমানা
সংগৃহীত ছবি
সালাম হোসেন, ঝিনাইদহ : শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঝিনাইদহ পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী পরিচালিত অভিযানে যানবাহনে নির্ধারিত শব্দের মাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি বাস ও ট্রাকের চালককে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে শব্দের মাত্রা অতিক্রমকারী ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া নির্মাণসামগ্রী—মাটি, বালি, ইট, সিমেন্ট ও ময়লা-আবর্জনা অনাবৃত অবস্থায় পরিবহনের দায়ে একটি ড্রাম ট্রাকের চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়। অর্থাৎ অভিযানে মোট ৬টি যানবাহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, ঝিনাইদহ মোঃ হাবিবুর রহমান। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। এ সময় নমুনা সংগ্রহকারী মোঃ কামারুজ্জামান মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।
অভিযানকালে চালক ও উপস্থিত জনসাধারণকে শব্দদূষণ ও বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণকারী ও পরিবেশ আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স