০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​কুষ্টিয়ায় খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ৩০-০৯-২০২৬
​কুষ্টিয়ায় খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সংগৃহীত ছবি

আমিন হাসান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের সড়কের পাশে খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাঠের ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু ঘিরে টানাটানি করছে। কাছে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে তিনি দেখতে পান, ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় একটি মরদেহ পড়ে আছে। মরদেহটির শরীরের একাংশ শিয়ালে খুবলে খেয়েছে।

বিষয়টি দেখে সানাউল্লাহ চিৎকার করলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা সেখানে ছুটে আসেন। পরে খবর দেওয়া হলে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে তলব করা হয়েছে। মরদেহটি পরিকল্পিতভাবে সেখানে ফেলে রাখা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবকের বয়স ২৫ থেকে ২৬ বছর। তার পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল। মরদেহটি শনাক্ত ও পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, “শিয়ালের টানাটানির কারণে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ