রংপুর অঞ্চলে শিল্পকারখানায় ৭ শতাংশ সুদে ঋণের ঘোষণা ত্রাণমন্ত্রীর
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রংপুর বিভাগে কৃষি পণ্যভিত্তিক শিল্পকারখানা গড়ে তুললে উদ্যোক্তাদের মাত্র ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের প্রাণকেন্দ্রে কৃষি ও স্থানীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে নির্মিতব্য দৃষ্টিনন্দন ‘ভুট্টা চত্বর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, “ইতোমধ্যে দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান রংপুর অঞ্চলে শিল্পকারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। যারা এগিয়ে আসবেন, তাদের সহজ শর্তে এবং অল্প সময়ের মধ্যে এই ঋণ বরাদ্দ দেওয়া হবে। বিশেষ করে ভুট্টার ওপর ভিত্তি করে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর—এটি কেবল একটি স্লোগান নয়, লালমনিরহাটের মানুষের কষ্টার্জিত অর্জনের মূল প্রতিচ্ছবি। চরাঞ্চলসহ জেলার বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা ভুট্টা চাষ করে ভাগ্য বদলে দিয়েছেন। স্থানীয় অর্থনীতিতে ভুট্টার এই অভূতপূর্ব অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই শহরের প্রাণকেন্দ্রে ‘ভুট্টা চত্বর’ নির্মাণ করা হচ্ছে। সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বাত্মক সহায়তার পাশাপাশি কৃষকরা যেন পণ্যের ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।
এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা ও সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
কমেন্ট বক্স