০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

​ট্রাইবেকারের রোমাঞ্চে ধোবাউড়ার শিরোপা

নান্দাইলকে ৪-৩ গোলে হারিয়ে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ জয়

আপলোড সময় : ০৩-১০-২০২৬
নান্দাইলকে ৪-৩ গোলে হারিয়ে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ জয় সংগৃহীত

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহে জমজমাট নারী ফুটবলের ফাইনাল। নির্ধারিত ৬০ মিনিটে ১-১ গোলে সমতা। এরপর স্নায়ুচাপের ট্রাইবেকার। শেষ পর্যন্ত ৪-৩ গোলে নান্দাইলকে হারিয়ে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপের শিরোপা ঘরে তুলেছে ধোবাউড়া উপজেলা দল।

গতকাল বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলাকে ঘিরে ছিল মাঠে উৎসবের আমেজ। খেলা শুরুর অনেক আগেই স্টেডিয়াম এলাকায় জড়ো হতে থাকেন দর্শক-সমর্থকরা। বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় দুই দলের তীব্র লড়াই। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে ওঠে মাঠ। গোলের সুযোগ তৈরি হয়েছে দুই প্রান্তেই। তবে নির্ধারিত সময়ের লড়াই শেষে দুই দল ১-১ গোলে সমতায় থাকে।

এরপর শুরু হয় ভাগ্য নির্ধারণী ট্রাইবেকার। গোলরক্ষক ও শুটারদের স্নায়ুর লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত করে ধোবাউড়া। ৪-৩ ব্যবধানে নান্দাইলকে হারিয়ে নিশ্চিত করে কাঙ্ক্ষিত শিরোপা।
ট্রাইবেকারে জয়ের পর উল্লাসে ফেটে পড়েন ধোবাউড়ার খেলোয়াড়রা। মাঠেই শুরু হয় আনন্দ-উল্লাস। গ্যালারিতে থাকা সমর্থকরাও যোগ দেন বিজয়োৎসবে। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে পুরো ধোবাউড়া দল।

ফাইনালে ব্যক্তিগত নৈপুণ্যেও আলো ছড়িয়েছেন খেলোয়াড়রা। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ধোবাউড়ার ২০ নম্বর জার্সিধারী শামছুন্নাহার জুনিয়র। আর পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরা নির্বাচিত হয়েছেন নান্দাইলের ১০ নম্বর জার্সিধারী সৌরভী আকন্দ প্রীতি। তবে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কয়েকজন খেলোয়াড়ের নাম তালিকায় রয়েছে। যাচাই-বাছাই শেষে এ পুরস্কার ঘোষণা করা হবে।

ফাইনাল দেখতে বিকেল থেকেই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে দর্শকদের ঢল নামে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। দুই দলের সমর্থকদের স্লোগান, করতালি আর মুহুর্মুহু উল্লাসে পুরো স্টেডিয়াম হয়ে ওঠে উৎসবের মঞ্চ।
মাঠে যখনই কোনো দল আক্রমণে উঠেছে, তখনই গ্যালারিতে বেড়েছে উত্তেজনা। গোলের সুযোগ তৈরি হলে দর্শকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো স্টেডিয়ামে। আর ট্রাইবেকারে ধোবাউড়ার জয় নিশ্চিত হওয়ার পর সেই উচ্ছ্বাস রূপ নেয় বাঁধভাঙা আনন্দে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ধোবাউড়া ও রানার্সআপ নান্দাইল দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. এ রশিদুজ্জামান মিল্লাত। এ সময় দুই দলের মধ্যে মোট দেড় লাখ টাকা পুরস্কার বিতরণ করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহের সংসদ সদস্যগণ, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ.কে.এম মাহবুবুল আলম ও সদস্য এনামুল হক আকন্দ লিটন।

এ ছাড়া জেলা ক্রীড়া অফিসার আল আমিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শহীদুল আমীন খসরু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা মটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন, মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রেহেনা পারভীন ববিসহ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গত ১৯ সেপ্টেম্বর শুরু হয় ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

ময়মনসিংহ সদরসহ জেলার ১৪টি উপজেলা দল এতে অংশ নেয়। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় ধোবাউড়া ও নান্দাইল। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা। এরপর ট্রাইবেকারের রুদ্ধশ্বাস লড়াই। সেখানে ৪-৩ গোলে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে ধোবাউড়া। লড়াই ছিল সমানে সমান। শেষ হাসি হাসল ধোবাউড়া। ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ এবার উঠল ধোবাউড়ার ঘরে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ