সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে এমপি
সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে এমপি
সালাম হোসেন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার অফিসে চলমান অনিয়ম,দূর্নীতি ও জনদুর্ভোগের অভিযোগ খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বক্কর।
সোমবার( ৫ অক্টোবর) সকালে তিনি পরিদর্শনে যান। সাধারণ মানুষের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে অতিরিক্ত ফি আদায়, দালাল চক্রের দৌরাত্ম্য এবং নানা ধরনের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ আসছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সেবার মান উন্নত করতেই এমপির এই পদক্ষেপ। পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বক্কর জানান, সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতি এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি।
তিনি বলেন, এর আগেও আমি কয়েকবার এখানে এসেছি, সাব-রেজিস্ট্রারের সাথেও কথা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ এবং অনিয়মের অভিযোগ যেভাবে আসার কথা, তা পুরোপুরি বন্ধ হয়নি। দুর্নীতি এখনো রয়ে গেছে। তিনি আরও উল্লেখ করেন, সাব রেজিষ্টার অফিসে দলিল সংরক্ষন ভবন নির্মানের উদ্যোগ গ্রহন করা হবে। কর্তৃপক্ষকে ডিও দিতে বলেছি। অনেক পুরাতন দলিল দস্তাবেজ নষ্ট হওয়ার পথে সেগুলো সংরক্ষন করা অত্যন্ত জরুরি।
পরিদর্শনকালে এমপি মহোদয় অফিসে উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং দলিল রেজিস্ট্রি করতে গিয়ে তাদের অতিরিক্ত টাকা বা কোনো ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে কি না, সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মোস্তাক হোসেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েব আমীর মোঃ আব্দুল আলীম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স