ছবিঃ সংগৃহীত
পানিসম্পদ ব্যবস্থাপনায় একযোগে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। গতকাল সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এ অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান পানিসম্পদ মন্ত্রী। তিনি উল্লেখ করেন, নেদারল্যান্ডস বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী এবং দুই দেশের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়।
প্রতিমন্ত্রী জানান, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার লক্ষ্যে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছিলেন।
রাষ্ট্রদূত জোরিস বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস—দুটিই ব-দ্বীপ এবং ভূ-প্রকৃতির দিক থেকে উভয়ের মধ্যে মিল রয়েছে। বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গন প্রতিরোধে ডাচ সরকার কাজ করতে আগ্রহী বলে জানান তিনি। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যয় জানান রাষ্ট্রদূত।
বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন ও অতিরিক্ত সচিব মহা. এনামূল হকও উপস্থিত ছিলেন।