০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রোনালদো ফিরবেন কি না, সিদ্ধান্ত তাঁর নিজেরই—বললেন কোচ জেসুস

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-১০-২০২৬
রোনালদো ফিরবেন কি না, সিদ্ধান্ত তাঁর নিজেরই—বললেন কোচ জেসুস ছবিঃ সংগৃহীত

পর্তুগালের জার্সিতে আর খেলবেন কি না, সেই সিদ্ধান্ত এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর নিজের হাতে। ৪১ বছর বয়সী এ তারকার জন্য জাতীয় দলের দরজা খোলা রেখেছেন কোচ জর্জ জেসুস। তাঁর মতে, আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি কীভাবে হবে, তা ঠিক করার অধিকার রোনালদোরই।

সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল চার ম্যাচের সবকটিতেই জিতেছে। অথচ এসব ম্যাচে রোনালদো খেলেছেন মাত্র ৬৫ মিনিট। ওয়েলসের বিপক্ষে তাঁকে ম্যাচ শেষ হওয়ার আগেই তুলে নেওয়া হয়, নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ কাটে বেঞ্চে। ডেনমার্কের বিপক্ষে শুরুর একাদশে জায়গা না পাওয়ার আভাস পেয়ে কোপেনহেগেনে দলের ক্যাম্পও ছেড়ে যান তিনি।

এসব ঘটনায় রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আলোচনা শুরু হয়। তবে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর জেসুস স্পষ্ট করেন, রোনালদো চাইলে আবারও জাতীয় দলে ফিরতে পারবেন।

পর্তুগাল কোচ বলেন, ‘সে যদি চায়, তবে জাতীয় দলে ফিরবে।’ পরবর্তী দল ঘোষণার আগে রোনালদোর সঙ্গে আলোচনা হতে পারে জানিয়ে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রোনালদো নিজেই।

রোনালদোর অনুপস্থিতিতে সুযোগ কাজে লাগিয়েছেন গনসালো রামোস। শুরুর একাদশে খেলা তিনটি ম্যাচেই গোল পেয়েছেন এ ফরওয়ার্ড।

অধিনায়ককে নিয়ে সতীর্থদের অবস্থানও ইতিবাচক। জোয়াও কানসেলো তাঁকে দেশের সর্বকালের সেরা খেলোয়াড় বলে উল্লেখ করেছেন। নুনো মেন্দেসও জানিয়েছেন, রোনালদো ফিরলে দল তাঁকে স্বাগত জানাবে।

আগামী ১৪ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এর আগেই রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত স্পষ্ট হতে পারে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ