০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সুন্দরবনে বনদস্যুদের ডেরায় অভিযান, মিলল ১৪টি মোবাইল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-১০-২০২৬
সুন্দরবনে বনদস্যুদের ডেরায় অভিযান, মিলল ১৪টি মোবাইল ছবিঃ সংগৃহীত

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নীলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বনদস্যুদের বানানো একটি মাছ ধরার ঘর থেকে ১৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছেন বনরক্ষীরা। রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নীলবাড়িয়া এলাকায় পায়ে হেঁটে টহল দেওয়ার সময় একটি পরিত্যক্ত মাছ ধরার ঘর দেখতে পান। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা বনদস্যুরা গভীর বনের দিকে পালিয়ে যায়।

পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে সিমকার্ডবিহীন ১৪টি মোবাইল ফোন সেট, চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, লবণসহ বিভিন্ন রসদসামগ্রী উদ্ধার করেন বনরক্ষীরা। অভিযান শেষে বনদস্যুদের তৈরি ঘরটি ধ্বংস করে দেওয়া হয়।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পরে ব্যাপক তল্লাশি চালানো হলেও বনদস্যুদের কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ