১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

লাওসে বাংলাদেশি শ্রমিক নিয়োগ ও ভিসা বন্ধ ৩১ ডিসেম্বর পর্যন্ত

==Chose One==
আপলোড সময় : ০৬-১০-২০২৬
লাওসে বাংলাদেশি শ্রমিক নিয়োগ ও ভিসা বন্ধ ৩১ ডিসেম্বর পর্যন্ত ছবিঃ সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগ, ওয়ার্ক পারমিট অনুমোদন এবং শ্রমিক শ্রেণির প্রবেশ ভিসা দেওয়া আপাতত বন্ধ রেখেছে। দেশটির সিদ্ধান্ত অনুসারে এ স্থগিতাদেশ ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।

লাওসে চাকরির বিষয়ে বাংলাদেশিদের সাবধান থাকতে বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ভুয়া চাকরির প্রস্তাব বা ভিসার প্রলোভনে পড়ে কাউকে টাকা না দেওয়ার পরামর্শও এসেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ সেপ্টেম্বর লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে। সেখানে বাংলাদেশি নাগরিকদের নতুন নিয়োগে কোটা অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া এবং ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলা হয়েছে।

ওই নির্দেশনার আওতায় বাংলাদেশিদের শ্রমিক শ্রেণির ভিসা দেওয়াও থেমে গেছে। থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকেও লাওসে বাংলাদেশি কর্মীদের ভিসা ইস্যু স্থগিত থাকার তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ অবস্থায় যাঁরা কাজের উদ্দেশ্যে লাওস যেতে আগ্রহী, তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ভুয়া ভিসা, কাল্পনিক চাকরির প্রস্তাব কিংবা অননুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারণার আশঙ্কার কথাও বলা হয়েছে।

মন্ত্রণালয়ের বক্তব্য, চাকরির প্রস্তাব কিংবা ভিসা নিয়ে অর্থ পরিশোধের আগে অথবা অন্য কোনোভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে সরকারি সূত্র থেকে তথ্য মিলিয়ে নেওয়া দরকার। অনুমোদনহীন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাত ধরে বিদেশে কর্মসংস্থানের প্রক্রিয়া না এগোনোর কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে।

লাওসের এ সাময়িক স্থগিতাদেশ চলবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এর পর দেশটির সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের জন্য সেখানকার শ্রমবাজার কোন পথে যায়, তা জানা যাবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ