ছবিঃ সংগৃহীত
নির্ধারিত দামে কোথাও এলপিজি না পাওয়া গেলে জনস্বার্থে তা প্রকাশ করতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর ভাষ্য, এমন অভিযোগ এলে সরকার দরকারি পদক্ষেপ নেবে।
সচিবালয়ে মঙ্গলবার সরকারের নানা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাহেদ উর রহমান জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেশ অস্থির; তার মধ্যেও সরকার এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সমন্বয় করা দামে কোথাও কোথাও এলপিজি মিলছে না বলে অভিযোগ এসেছে।
তিনি জানান, খোলা বাজারে এলপিজির সরবরাহ ঠিক রাখা এবং কমিশন নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে ইতিমধ্যে নির্দেশ পাঠানো হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী জেলা প্রশাসকদের নিয়ে অনলাইন সভা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের মোবাইল কোর্টের তদারকিও অব্যাহত আছে।
তাঁর ভাষায়, আগেও অনেককে জরিমানা করা হয়েছে; এখন এ তদারকি আরও জোরদার হয়েছে।
এলপিজির বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গেও সরকারের আলোচনা চলছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক এ উপদেষ্টা।
তিনি বলেন, জ্বালানি মন্ত্রী এলপিজি খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ওই বৈঠকগুলোতে ব্যবসায়ীরা বাজার স্বাভাবিক রাখতে মন্ত্রীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারের প্রত্যাশা, এতে এলপিজি নিয়ে চলমান সংকট কমে আসবে।