ছবিঃ সংগৃহীত
রাজধানীর নয়াপল্টনে এসির কম্প্রেসর বিস্ফোরণে মারা গেছেন জীবন বর্মন (২৫) নামের এক মেকানিক। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামের একটি দোকানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত জীবন বর্মন গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের সচিন বর্মনের ছেলে।
নিহতের ভাই অনিক বর্মনের ভাষ্য, সকালে কর্মস্থলে এসি মেরামতের কাজ করছিলেন জীবন। কাজ চলার একপর্যায়ে হঠাৎ এসির কম্প্রেসর বা সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান; পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।