ছবিঃ সংগৃহীত
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে আজ।
ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক প্যানেলে বুধবার (৭ অক্টোবর) এই শুনানি হতে পারে।
এ মামলায় অভিযোগ গঠনের জন্য ৭ অক্টোবর দিনটি ট্রাইব্যুনাল ঠিক করেছিলেন গত ২৬ সেপ্টেম্বর। সেই ধারাবাহিকতায় আজ শুনানি হওয়ার কথা রয়েছে। গ্রেফতার আসামিদের সকালে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গত ২৬ সেপ্টেম্বর জানান, মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ৬১ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের শুনানির দিন রেখেছেন ৭ অক্টোবর।
ওই দিনের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনাসহ এ মামলার পলাতক ৩০ আসামি আত্মসমর্পণ করেননি। এ কারণে তাঁদের অনুপস্থিতিতেই বিচার শুরু এবং তাঁদের পক্ষে আইনজীবী নিয়োগের আরজি জানানো হয়। সেই আরজি গ্রহণ করে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করে দেন।
কড়া নিরাপত্তার মধ্যে আজ সকালে ট্রাইব্যুনালে নেওয়া হয় গ্রেফতার ১১ আসামিকে। এই আসামিরা হলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রূপা।
আদালত সূত্র জানিয়েছে, মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের মে মাসে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৫৭ জন হত্যার শিকার হয়েছেন বলে তথ্য মিলেছে।
ওই ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গত ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই অভিযোগ আমলে নেন।
এ মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
আসামির তালিকায় এ ছাড়া রয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য আসামি হয়েছেন, তাঁরা হলেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তৎকালীন র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, তৎকালীন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম, তৎকালীন ডিএমপির ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন, তৎকালীন ডিএমপির ডিসি (ট্রাফিক-দক্ষিণ) আশরাফুজ্জামান, তৎকালীন ডিএমপির এডিসি (মতিঝিল জোন) এস এম মেহেদী হাসান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, সাবেক ডিআইজি বিপ্লব কুমার সরকার, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, তৎকালীন ডিএমপির এডিসি (মতিঝিল বিভাগ) মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এস এম শিবলী নোমান এবং তৎকালীন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী।
প্রসিকিউশনের দেওয়া তথ্যমতে, হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ মে ঢাকাসহ চারটি স্থানে নিহত হন ৫৮ জন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করতে পেরেছে তদন্ত সংস্থা।