০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কর্মসূচির ঘনিষ্ঠ সমন্বয় চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১০-২০২৬
দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কর্মসূচির ঘনিষ্ঠ সমন্বয় চায় ঢাকা ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতিসংঘের বিভিন্ন সংস্থার নিজেদের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের প্রণীত পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর (২০২৬-২০৩১) সঙ্গে সংস্থাগুলোর কর্মসূচি আরও ঘনিষ্ঠভাবে সমন্বয় করার কথাও বলেছেন তিনি। আরও জোরালো অংশীদারত্বের ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকারের কথাও এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক হয়। সেখানেই তিনি এ আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং অভিন্ন অগ্রাধিকার ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করতে অঙ্গীকারবদ্ধ।’

জাতিসংঘ কান্ট্রি টিমের নেতৃত্ব দিচ্ছেন ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক। বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এগিয়ে নেওয়ার কাজে অবদানের জন্য প্রতিমন্ত্রী তাঁর ভূয়সী প্রশংসা করেন। এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সদ্য সমাপ্ত ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের পর্বে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর বিবরণ দেন। সে প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও কার্যকর হওয়া দরকার এবং তাদের কর্মসূচি বাংলাদেশের সংস্কার ও উন্নয়ন কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে মেলানো প্রয়োজন।

রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ উঠলে জাতিসংঘের মানবিক সহায়তার প্রশংসা করেন হুমায়ুন কবির। সেই সঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে মিয়ানমারে নিজ ভূমিতে দ্রুত ও টেকসইভাবে ফিরতে পারেন, তা নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী পরিষ্কারভাবে জানান, এ সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসন। অন্যদিকে ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে জাতিসংঘ যে প্রস্তুত, সে কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

সরকারের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করে বৈঠকে জাতিসংঘের এই প্রতিনিধি বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের কান্ট্রি টিম সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত আছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ