০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

১৫ বছর পর আবার জুটি শাহরুখ-কারিনা, ‘কিং’-এর বিশেষ গানে দেখা মিলবে

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১০-২০২৬
১৫ বছর পর আবার জুটি শাহরুখ-কারিনা, ‘কিং’-এর বিশেষ গানে দেখা মিলবে ছবিঃ সংগৃহীত

টানা ১৫ বছরের বিরতি শেষে ফের একসঙ্গে পর্দায় ফিরছেন শাহরুখ খান ও কারিনা কাপুর। বলিউডের জনপ্রিয় এই জুটিকে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রা.ওয়ান’ সিনেমার পর আর কোনো পূর্ণাঙ্গ প্রজেক্টে একসঙ্গে পাওয়া যায়নি। শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে এবার তাঁদের একসঙ্গে দেখা যাবে।

গানটির সুর করেছেন শচীন-জিগার, আর এর সম্ভাব্য নাম ‘ড্যাডি কুল’ বলে জানা গেছে। চলতি মাসের শেষ ভাগে দক্ষিণ আফ্রিকায় একটানা পাঁচ দিন শাহরুখ ও কারিনার এই গানের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

পিঙ্কভিলার একটি প্রতিবেদন বলছে, বেশ বড় পরিসরেই তৈরি হচ্ছে গানটি। ভারতীয় শিল্পীদের সঙ্গে এতে আন্তর্জাতিক পর্যায়ের কোনো সংগীত তারকাও কণ্ঠ দিতে পারেন। শাহরুখ ও কারিনা গানটিতে ধরা দেবেন সম্পূর্ণ ভিন্ন সাজ ও লুকে। নির্মাতারা আশা করছেন, গানটি এ বছরের অন্যতম আলোচিত গানে পরিণত হবে এবং দর্শকের কাছে ‘কিং’-এর অন্যতম বড় চমক হয়ে ধরা দেবে।

দর্শকমহলে শাহরুখ-কারিনা জুটির পুরোনো রসায়নের জনপ্রিয়তাও কম নয়। তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায়। এর বাইরে ‘ডন’ ও ‘বিল্লু’ সিনেমায়ও অতিথি চরিত্রে শাহরুখের সঙ্গে হাজির হয়েছিলেন কারিনা।

লম্বা বিরতি শেষে দুই তারকা আবার এক হচ্ছেন—এ খবরে ভক্তদের উচ্ছ্বাস তাই স্বাভাবিক। ‘রা.ওয়ান’-এর ‘ছম্মক ছাল্লো’ ও ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের যে রসায়ন দেখা গিয়েছিল, তা বিশেষভাবে আজও দর্শকের মনে গেঁথে রয়েছে।

বড় বাজেটের সিনেমা ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটির বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি, আর এর মূল চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। তাঁর মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেকও হচ্ছে এ সিনেমার মাধ্যমে।

এতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা। বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ