নির্ভুল তথ্যেই মিলবে প্রকৃত উপকারভোগীর পরিচয়: প্রশাসক রোকন
সংগৃহীত ছবি
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
তিনি তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্যের ভিত্তিতেই প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে হবে।
শনিবার (১০ অক্টোবর) সকালে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও শহর সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে ফ্যামিলি কার্ডের আওতায় প্রকৃত উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
সুনমা আল মজিদ, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম এবং শহর সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন। এছাড়া সিটি কর্পোরেশন ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স