ছবিঃ সংগৃহীত
অভিনয়, নির্মাণ ও লেখালেখির পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও পরিচিত কুসুম শিকদার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। তাঁর নতুন গানের শিরোনাম ‘প্রবল ঘোর’। গানটির কথা লিখেছেন তিনি নিজেই।
‘প্রবল ঘোর’-এর সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। গানটির রেকর্ডিং হয়েছিল ২০২০ সালে, করোনাকালে। তবে নানা কারণে তখন গানটি প্রকাশ করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পর মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে অবশেষে শ্রোতাদের জন্য প্রকাশ করা হলো এটি।
২০১৭ সালে ‘নেশা’ শিরোনামে সর্বশেষ মৌলিক গান প্রকাশ করেছিলেন কুসুম। এরপর দীর্ঘ নয় বছরের বিরতি। নতুন গান প্রকাশের প্রসঙ্গে তিনি বলেন, এখনো কোথাও গেলে অনেকে তাঁর ‘নেশা’ গানটির কথা মনে করিয়ে দেন। সেই গানের প্রসঙ্গ তুলে নতুন গান করার জন্যও উৎসাহ দেন তাঁরা। একটি গান আগে থেকেই রেকর্ড করা ছিল বলে সেটিই প্রকাশের সিদ্ধান্ত নেন তিনি। করোনা পরিস্থিতির কারণে সে সময় গানটি নিয়ে আর এগোনো সম্ভব হয়নি বলেও জানান এই শিল্পী।
প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে ‘প্রবল ঘোর’-এর মিউজিক ভিডিও। কক্সবাজারের বিভিন্ন মনোরম স্থানে এর শুটিং করা হয়েছে। ভিডিওতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন শের শাহ রাসেল। এটি নির্মাণ করেছেন নকুল সরকার।
এর আগে কুসুমের গাওয়া রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন নকুল সরকার। ‘প্রবল ঘোর’-এর ভিডিও নির্মাণের মধ্য দিয়ে আবারও একসঙ্গে কাজ করলেন তাঁরা।
কুসুম শিকদারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘প্রবল ঘোর’-এর মিউজিক ভিডিও। দীর্ঘ বিরতির পর নিজের লেখা নতুন গান নিয়ে তাঁর এই প্রত্যাবর্তন সংগীতপ্রেমীদের জন্য নতুন সংযোজন।