গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার
সংগৃহীত ছবি
মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর : গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর)। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি পিকআপ, একটি বড় কাটার, দুটি রড ও একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (উত্তর)-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন এএসআই (নিরস্ত্র) মো. আবু বকর সিদ্দিক, বেলাল হোসেন ও মো. জাহিদুল ইসলাম।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকায় ভাওয়াল কলেজের উত্তর পাশে সিদ্দিক টাওয়ারের সামনের পাকা সড়কে একটি মাহিন্দ্রা পিকআপে অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিমুল শেখ (৪৫), মাজিদ আহমেদ (৪৫), সবুজ আলী (৩২), রেজাউল করিম ওরফে রেজা (৪৫), ওঙ্কুর আলী ও জীবন নামে উল্লেখিত এক ব্যক্তি (৩৫) এবং আহমদ (৪৭)। তাঁদের বাড়ি টাঙ্গাইল, বগুড়া, নওগাঁ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায়।
অভিযানে একটি পিকআপ, একটি বড় কাটার, দুটি রড ও একটি সামুরাই উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত মামলা রয়েছে বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক ওসি মনিরুজ্জামান বলেন গোপন সংবাদের মাধ্যমে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কমেন্ট বক্স