ছবিঃ সংগৃহীত
আ. আওয়াজ ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ। শনিবার গুরুগ্রামে নিজের বাসা থেকে তাঁকে আটক করা হলেও গভীর রাতে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। তবে রাঠির দাবি, তাঁকে আটক নয়, অপহরণ করা হয়েছিল।
ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা যাতে সেখানে পৌঁছাতে না পারেন, সে জন্য রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। এরই অংশ হিসেবে শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত নিজের বাসা থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়।
বার্তা সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে রাঠিকে আবারও আটক করা হতে পারে অথবা তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
তবে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাঠি দাবি করেন, তাঁকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, বরং অপহরণ করা হয়েছিল। একই সঙ্গে তাঁর সমর্থনে এগিয়ে আসা ব্যক্তিদের ধন্যবাদ জানান তিনি।
অন্যদিকে, ককরোচ জনতা পার্টি এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করে, শনিবার সকাল ৮টার দিকে সাদা পোশাকে প্রায় ৫০ জন পুলিশ সদস্য ধ্রুব রাঠির বাসায় গিয়ে তাঁকে আটক করে নিয়ে যান।