১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিক্ষোভের জন্য দিল্লিতে নতুন তিন স্থান নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১০-২০২৬
বিক্ষোভের জন্য দিল্লিতে নতুন তিন স্থান নির্ধারণ ছবিঃ সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি আয়োজনের নির্ধারিত স্থান থেকে যন্তর-মন্তরকে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে নতুন তিনটি স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে নেওয়া এ সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

নতুন নির্ধারিত স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। এতদিন মধ্য দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় অবস্থিত যন্তর-মন্তর বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের অন্যতম নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মধ্য দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চালানোর প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত সামনে এসেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যেই তারা এ কর্মসূচি পালন করছে।

দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার জারি করা আদেশে যন্তর-মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানানো হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে আগের সিদ্ধান্ত বাতিল করে নতুন তিনটি স্থানকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নির্ধারণ করা হয়েছে। নতুন স্থান নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনার আশঙ্কা রয়েছে। তাদের দৃষ্টিতে, বিক্ষোভের স্থান পরিবর্তনের উদ্যোগ প্রতিবাদের সুযোগ সীমিত করার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের পেছনে মধ্য দিল্লির যানজট কমানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ। যন্তর-মন্তরের আশপাশে গুরুত্বপূর্ণ সরকারি ভবন থাকায় সেখানে বিক্ষোভের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটত।

পুলিশ জানিয়েছে, নতুন নির্ধারিত তিনটি স্থানে বিক্ষোভ আয়োজনের নিয়মকানুন ও অনুসরণীয় মানসম্মত কার্যপদ্ধতি (এসওপি) পৃথকভাবে জারি করা হবে। এর মাধ্যমে নতুন স্থানগুলোতে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের প্রক্রিয়া নির্ধারণ করা হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ