১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আশরাফুলকে ছাড়িয়ে সেঞ্চুরির রেকর্ডে লিটন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১০-২০২৬
আশরাফুলকে ছাড়িয়ে সেঞ্চুরির রেকর্ডে লিটন ছবিঃ সংগৃহীত

আবুধাবি টেস্টে বাংলাদেশের হয়ে সেঞ্চুরির অপেক্ষা ঘোচালেন লিটন দাস। একে একে চার ব্যাটার শতকের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত তিন অঙ্কের দেখা পাননি কেউ। সেই আক্ষেপ ঘুচিয়ে অনেকটা ওয়ানডে মেজাজে সেঞ্চুরি তুলে নিলেন লিটন। একই সঙ্গে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলে এককভাবে পঞ্চম স্থানে উঠে এলেন এই ডানহাতি ব্যাটার।

তৃতীয় দিনের বিকেলে মুশফিকুর রহিমের বিদায়ের পর ক্রিজে আসেন লিটন। তবে শুরুতেই দলের বিপর্যয় দেখতে হয় তাকে। নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ দ্রুত ফিরে গেলে ১১ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলের ইনিংস সামাল দেন লিটন।

ব্যাটিংয়ের শুরুতে ভাগ্যের সহায়তাও পেয়েছেন তিনি। কায়েস আহমেদের বলে দুবার ক্যাচ তুলে দিয়েও বেঁচে যান এই ব্যাটার। পাওয়া দুই জীবন কাজে লাগিয়ে এরপর আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। প্রথম সেশনেই তুলে নেন অর্ধশতক। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি।

প্রথম সেশন শেষে সেঞ্চুরি থেকে ১৯ রান দূরে ছিলেন লিটন। বিরতির পর সেই রান তুলতে খেলেন মাত্র ১৯ বল। ১১৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান তিনি। চলতি বছরে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর আফগানিস্তানের বিপক্ষেও শতক তুলে নিয়ে আরেকটি উল্লেখযোগ্য কীর্তি গড়েন এই ব্যাটার।

এই সেঞ্চুরির মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ শতকের তালিকায় মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে গেছেন লিটন। এর আগে দুজনই ছয়টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে ছিলেন। সপ্তম টেস্ট সেঞ্চুরিতে এবার এককভাবে পঞ্চম স্থানে উঠে এলেন তিনি।

তবে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে লিটনকে আরও পথ পাড়ি দিতে হবে। ১৪টি শতক নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন মুশফিকুর রহিম। ১৩টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে মুমিনুল হক। তামিম ইকবালের শতক ১০টি, আর ৯টি সেঞ্চুরি নিয়ে চতুর্থ স্থানে নাজমুল হোসেন শান্ত। সাতটি সেঞ্চুরি নিয়ে তাদের পরেই এখন লিটনের অবস্থান।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ