১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১০-২০২৬
ময়মনসিংহে দুর্যোগ প্রশমন দিবস পালিত ছবিঃ সংগৃহীত

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের কর্মসূচিতে। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিরিন আক্তার, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল আকন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী। সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. রেজাউল করিম।

কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম সতর্কতা, প্রস্তুতি জোরদার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

দিবসের অন্যতম আকর্ষণ ছিল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়া। এতে দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় নেওয়া, ঝুঁকিপূর্ণ স্থান থেকে দ্রুত সরে যাওয়া, আগুন নিয়ন্ত্রণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল হাতে-কলমে দেখানো হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের মহড়া দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ