১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আজারবাইজানে হিজাব নিয়ে বিতর্ক, স্কুলে বাধার অভিযোগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১০-২০২৬
আজারবাইজানে হিজাব নিয়ে বিতর্ক, স্কুলে বাধার অভিযোগে বিক্ষোভ ছবিঃ সংগৃহীত

আজারবাইজানে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর পরোক্ষ নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নতুন পোশাকবিধির কারণে হিজাব পরা শিক্ষার্থী ও শিক্ষকদের কয়েকটি স্কুলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ চলছে।

সোমবার (১২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে অনুমোদিত পোশাকবিধির সংশোধনীতে সরাসরি হিজাব নিষিদ্ধ করা হয়নি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা সরকারের ভাষায় ‘ধর্মনিরপেক্ষতার নীতি’ লঙ্ঘন করে। এই বিধানের প্রয়োগ নিয়েই হিজাব পরা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষিকা জাহরা হাসানোভা আলজাজিরাকে বলেন, তাঁকে জানানো হয়েছে, স্কুলে আর হিজাব পরতে পারবেন না। এ সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন জানিয়ে তিনি বলেন, হিজাব পরা ব্যক্তিগত পছন্দের বিষয়। ভবিষ্যতে কেউ হিজাব খুলে ফেলতে চাইলে সেটিও তাঁর নিজের সিদ্ধান্ত হওয়া উচিত।

আজারবাইজানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, সরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাকবিধিতে সংশোধন আনার উদ্দেশ্য হলো দেশের ‘ধর্মনিরপেক্ষ নীতি’র সঙ্গে সামঞ্জস্য রেখে অভিন্ন পোশাকবিধি নিশ্চিত করা। নতুন বিধিতে বিশেষ অনুষ্ঠানে দেশের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় ও নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটে—এমন পোশাক পরার অনুমতি দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন শিক্ষাবিষয়ক পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটির দাবি, নতুন পোশাকবিধি শিক্ষকদের পেশাগত মান বজায় রাখতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে সহায়তা করবে। আজারবাইজানের প্রায় ৯৬ শতাংশ মানুষ মুসলিম। তবে দেশটির সংবিধানে রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ হিসেবে সংজ্ঞায়িত করার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ফলে নতুন পোশাকবিধি নিয়ে ধর্মীয় স্বাধীনতা ও রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ নীতির প্রয়োগের প্রশ্ন সামনে এসেছে।

বিধিটির প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হিজাব পরার কারণে স্কুলে ঢুকতে না পেরে শিক্ষার্থীরা শিক্ষকদের জড়িয়ে ধরে কাঁদছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত দুটি স্কুলের শিক্ষার্থীরা নতুন নিয়মের প্রতিবাদে ক্লাস বর্জন করেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ