ছবিঃ সংগৃহীত
পটুয়াখালীর কুয়াকাটার মিশ্রিপাড়ায় সীমা বৌদ্ধ বিহারের সীমানা নিয়ে বিরোধের জেরে বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বিহারটিতে পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় মহিপুর থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার সকালে বিহারের সীমানার মধ্যে একটি দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। বিহার কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় সামসুল আলম ও নাসির হাওলাদার ওই জমির মালিকানা দাবি করে দোকানঘর নির্মাণে বাধা দেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনের বাগ্বিতণ্ডা হয়। পরে সামসুল আলম ও নাসির হাওলাদারসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে বিহার প্রাঙ্গণে রাখাইন সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত বিহারে পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।