ছবিঃ সংগৃহীত
চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার সময় নতুন করে শারীরিক অস্বস্তি বোধ করেছেন নাহিদ রানা।
তাই চিকিৎসার জন্য গতকাল রাতে অস্ট্রেলিয়ার পার্থের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশ দলের এই আলোচিত ফাস্ট বোলার। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিজের শারীরিক পরিস্থিতির মূল্যায়ন করাবেন তিনি।
পার্থের চিকিৎসক পিটার দি’আলেসান্দ্রোর কাছে পাঠানো হয়েছিল নাহিদ রানার সব মেডিক্যাল রিপোর্ট। অনলাইনে তার পরামর্শ ছিল, নাহিদ চাইলে দেশেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে পারবেন। তবু সব রকম ঝুঁকি এড়াতে তাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পার্থের কোস্টাল অর্থোপেডিক হাসপাতালে পিটার দি’আলেসান্দ্রো নাহিদকে সশরীর দেখে যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই হবে পুনর্বাসন প্রক্রিয়া। বিসিবি পার্থেই তার ১০ দিনের পুনর্বাসন প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। পিটার দি’আলেসান্দ্রোর সঙ্গে স্থানীয় একজন ট্রেনারের তত্ত্বাবধানে চলবে তা। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘নাহিদ রানার নতুন করে কোনো চোট হয়নি।
তবে যেহেতু সে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই তার শারীরিক পরিস্থিতি নিয়ে আমরা আরেকটি বিশেষজ্ঞ মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে সাইড স্ট্রেইনের (পাঁজরের নিচের দিকের পেশির চোট) কারণে ছিটকে পড়েন নাহিদ রানা। এরপর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তিনি খেলতে পারেননি।
একই কারণে আবুধাবিতে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও নাহিদকে পাচ্ছে না বাংলাদেশ। নিতম্বে ব্যথা থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও তার না খেলার সম্ভাবনাই বেশি। তবে নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টে তাকে কিভাবে খেলানো যায়, বিসিবির চাওয়া এখন সেটিই।