ছবিঃ সংগৃহীত
ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারকে পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এতে উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্ধ, সাংবাদিক ও বাজার ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বনি আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার সমিতির সভাপতি-সম্পাদকসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অভিযানে বাজারের প্রধান সড়ক, ভেতরের গলি, ড্রেন, মাছ বাজার ও কাঁচাবাজারের আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের সামনের অংশ পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে সচেতন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন বলেন, শশীগঞ্জ বাজার তজুমদ্দিন উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে কাজ করলে বাজারকে একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।