১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

​কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় যশোরের একই পরিবারের চারজন নিখোঁজ

আপলোড সময় : ১৮-১০-২০২৬
​কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় যশোরের একই পরিবারের চারজন নিখোঁজ সংগৃহীত ছবি

ইয়ানূর রহমান, যশোর: কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে যশোরের মনিরামপুরের একই পরিবারের চারজনের খোঁজ মিলছে না। শনিবার (১৭ অক্টোবর) সকালে আগুন লাগার পর তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন মনিরামপুর পৌরসভার মোহনপুর এলাকার নাহিদুর রহমান (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাঁদের দুই শিশুসন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনয়না ইহানা (৩)।

নাহিদুর ঢাকার শ্যামলীতে গ্র্যান্ড পাওয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি মিরপুরের শ্যাওড়াপাড়ায় বসবাস করতেন। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নাহিদুরের বড় ভাই জাহিদুর রহমান জানান, শুক্রবার পরিবার নিয়ে কক্সবাজারে যাওয়ার কথা জানিয়েছিলেন নাহিদুর। শনিবার অগ্নিকাণ্ডের খবর পেয়ে একাধিকবার ফোন করেও ভাই কিংবা তাঁর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাঁদের খোঁজে শনিবার সন্ধ্যায় তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

জাহিদুরের পাঠানো বুকিংয়ের বিলের কপি অনুযায়ী, ১১ অক্টোবর রিসোর্টটির একটি কক্ষ বুকিং করেছিলেন নাহিদুর। ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সেখানে তাঁদের থাকার কথা ছিল। রোববার দুপুর ১টায় রিসোর্ট ছাড়ার নির্ধারিত সময় ছিল।

শনিবার রাতে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, নাহিদুর নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। তবে তাঁর পরিবারের অন্য সদস্যদের বিষয়ে তিনি নিশ্চিত তথ্য জানাতে পারেননি। উদ্ধার হওয়া মরদেহ গুলোর পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ