মাগুরায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার, ৬ লাখ টাকা ও গাড়ি উদ্ধার
সংগৃহীত ছবি
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা : মাগুরায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬ লাখ টাকা, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি সেট ও একটি স্টিলের লকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন মাসের শিশুসন্তান কোলে থাকা এক নারীসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দীপ্ত কুমার বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন।
রোববার (১৮ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে মাগুরা সদর উপজেলার কুকনা এশিয়া মহিলা কলেজপাড়ায় কলেজটির পুরোনো হোস্টেলের পেছনে একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সম্পা দাস (৩২) ও পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)। তারা দুজনই ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের বাসিন্দা। সম্পা দাসের স্বামী দীপ্ত কুমার বিশ্বাস।
পুলিশ জানায় মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান, পিপিএমের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপ্ত কুমার বিশ্বাস পালিয়ে যান। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় গ্রেপ্তার দুই নারীর দেখানো মতে একটি স্টিলের লকার থেকে ২০টি নীল জিপার পলিতে রাখা ৪ হাজার পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সম্পা দাসের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার সামনে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা করোলা প্রাইভেট কার, নম্বর ঢাকা মেট্রো-গ-১২৮৯৯৪, একটি নম্বরপ্লেটবিহীন হলুদ-কালো রঙের অ্যাপাচি মোটরসাইকেল এবং একটি কালো রঙের বাওফেং ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য বলে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক দীপ্ত কুমার বিশ্বাসসহ তাঁরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে পুলিশের ভাষ্য।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে জেলাজুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
কমেন্ট বক্স