রাজশাহী বাগমারায় ফাজিল মাদ্রাসায় গোপনে নিয়োগের অভিযোগ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ
সংগৃহীত ছবি
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাগমারায় গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মোটা অংকের টাকার বিনিময়ে কর্মচারী নিয়োগের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম আমিনুল ইসলাম-এর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণির এম.এল.এস.এস (পিয়ন) পদে ৩ জন কর্মচারী নিয়োগের জন্য গোপনে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর পক্ষে মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ইতিপূর্বেও একইভাবে গোপনে আরও দুটি নিয়োগ প্রদান করা হয়েছে। অভিযোগে আরও দাবি করা হয়, অধ্যক্ষ আওয়ামী লীগের আমলে গোপনে অধ্যক্ষ পদে নিয়োগ নেন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অভিযোগকারী জানান, বিষয়টি জানাজানি হলে তারা মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কাছে বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে তারা কিছুই জানেন না বলে জানান। ম্যানেজিং কমিটির সদস্যরাও একই কথা বলেন। পরে মুঠোফোনে অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
এতে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ অবস্থায় সরেজমিনে তদন্তের মাধ্যমে বর্তমান নিয়োগ প্রক্রিয়া বন্ধ এবং পূর্বের নিয়োগগুলোর অনিয়ম নিরসনের ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর কাছে আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে জানতে নরসিংহপুর বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম আমিনুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কমেন্ট বক্স