ছবিঃ সংগৃহীত
প্লে-অফের আগে দুর্দান্ত ছন্দে ইন্টার মায়ামি। লিওনেল মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি। ম্যাচের ৫৬ ও ৬০ মিনিটে মাত্র চার মিনিটের ব্যবধানে দুইবার জালের দেখা পান আর্জেন্টাইন মহাতারকা।
রোববার (১৮ অক্টোবর) ভোরে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় মায়ামি। বিরতির ঠিক আগে মেসির হেড থেকে বল পেয়ে লুইস সুয়ারেজ বক্সের মধ্যে দারুণভাবে বল বাড়িয়ে দেন জার্মান বেরতেরামেকে। তার হেডেই ১-০ গোলে এগিয়ে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে মেসির জাদুতে ব্যবধান বাড়ায় মায়ামি। ৫৬ মিনিটে বেরতেরামের পাস পেয়ে আটলান্টার রক্ষণভাগকে কাটিয়ে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান মেসি। চার মিনিট পর সুয়ারেজের পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে আটলান্টার ডিফেন্ডার জুনিয়র আলোনসোকে পরাস্ত করেন তিনি। এরপর গোলরক্ষক লুকাস হয়োসকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৯ বছর বয়সী এই তারকা।
ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করে আটলান্টা। তবে, তাতে হার এড়ানো সম্ভব হয়নি স্বাগতিকদের।
এই জয়ে এমএলএসে মেসির গোলসংখ্যা দাঁড়াল ২৫-এ। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পেতার মুসা ও মিলান ইলোস্কির চেয়ে ছয় গোলে এগিয়ে আছেন তিনি। পাশাপাশি মেসির অ্যাসিস্ট সংখ্যাও তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। চলতি মৌসুমে তার অ্যাসিস্টের সংখ্যা ১৫ ছাড়িয়েছে, যা এমএলএসের ইতিহাসে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি অ্যাসিস্ট করার প্রথম নজির।
আর্জেন্টিনার হয়ে আবেগঘন বিদায়ী পর্বের পর তিন ম্যাচে চার গোল করেছেন মেসি। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। অন্যদিকে, ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার নিচের দিকেই পড়ে আছে আটলান্টা ইউনাইটেড। প্লে-অফে জায়গা করে নিতে দলটির সামনে ক্রমেই কঠিন হয়ে উঠছে সমীকরণ।