২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

তাসখন্দ যাওয়া হলো না টেবিল টেনিস তারকা হৃদয়ের

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২০-১০-২০২৬
তাসখন্দ যাওয়া হলো না টেবিল টেনিস তারকা হৃদয়ের ছবিঃ সংগৃহীত

সব প্রস্তুতি সম্পন্ন ছিল। দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে উজবেকিস্তানের তাসখন্দে যাওয়ার কথা ছিল টেবিল টেনিসের শীর্ষ তারকা মুহতাসিন আহমেদ হৃদয়ের। ছেলেকে বিদায় জানাতে শনিবার সকালে মেট্রোস্টেশনেও এসেছিলেন মা। কিন্তু শেষ পর্যন্ত দেশের মাটিই ছাড়তে পারলেন না হৃদয়। অন-অ্যারাইভাল ভিসা থাকা সত্ত্বেও তাসখন্দ থেকে পাঠানো একটি চিঠিতে নামের পাশে ‘ক্রস চিহ্ন’ থাকায় বোর্ডিং পাস পাওয়ার পরও বাতিল হয়ে যায় তাঁর যাত্রা।

১৯ থেকে ২৫ অক্টোবর উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত হচ্ছে ২৯তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিতে শনিবার রাতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচরা বিমানবন্দরে যান। ফেডারেশনের পক্ষ থেকে তিনজন পুরুষ ও তিনজন নারী খেলোয়াড় এবং কোচ আলীসহ মোট সাতজন যাত্রার প্রস্তুতি নেন। তাঁদের মধ্যে সোনাম সুলতানা সোমা ও মৌরা তাসখন্দের বিমানে উঠতে পারলেও যেতে পারেননি হৃদয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশার কথা তুলে ধরেন এই টেবিল টেনিস তারকা। তিনি লেখেন, ‘কয়েক দিন ধরে যারা আমার লেখা পড়ছেন, তারা হয়তো বুঝতে পারছেন যে আমি আমার পেশাগত জীবনের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আজও আরেকটি কঠিন দিন গেল। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে উজবেকিস্তান যাওয়ার উদ্দেশ্যে আমি বিমানবন্দরে এসেছিলাম। দলের সঙ্গে যেতে পারব—এই আশায় তিন ঘণ্টা অপেক্ষা করলাম। শেষ পর্যন্ত আমার আর যাওয়া হলো না।’

নিজের কষ্টের কথা জানিয়ে হৃদয় আরও লেখেন, শনিবার সকালেই আমার মা আমাকে বিদায় জানাতে মেট্রোস্টেশনে এসেছিলেন। আমি তাসখন্দের উদ্দেশে রওনা দিয়েছিলাম, দেশের প্রতিনিধিত্ব করব এই ভেবে। আর এখন আমি একা একা বাড়ি ফিরে যাচ্ছি। এই অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এই মুহূর্তে আমি জানিই না যে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আদৌ খেলতে পারব কিনা।’

দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে যাত্রা করতে না পারায় হতাশ হৃদয়। এশিয়ান চ্যাম্পিয়নশিপে তাঁর অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ