২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

১৩২ বলে ০ রানে অপরাজিত, তবু তিনিই ম্যাচের নায়ক

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২০-১০-২০২৬
১৩২ বলে ০ রানে অপরাজিত, তবু তিনিই ম্যাচের নায়ক ছবিঃ সংগৃহীত

চার-ছক্কার বৃষ্টি, ব্যাটারদের ঝোড়ো ব্যাটিং—টি-টোয়েন্টির এই যুগে এমন ইনিংসের কথা শুনলে অনেকেই হয়তো ব্যাটারকে ড্রেসিংরুমে ফেরার পরামর্শ দেবেন।

কিন্তু ক্রিকেট যে শুধু রান করার খেলা নয়, কখনো কখনো উইকেট আঁকড়ে পড়ে থাকাটাও যে বড় কৃতিত্ব, সেটিই যেন মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের ব্যাটার ম্যাক্স ফিল্ড।

১৩২ বল খেলেও তার ব্যাট থেকে আসেনি কোনো রান। তবু এই ‘শূন্যের’ গল্পে তিনিই নায়ক!

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে সম্প্রতি দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে ২ দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস। ম্যাচের শেষ দিকে দলের বিপদ সামাল দিতে ক্রিজে অবিচল থাকার দায়িত্ব নেন ইস্টার্নের ওপেনার ফিল্ড। প্রতিপক্ষের বোলারদের লক্ষ্য ছিল উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করা।

আর ফিল্ডের লক্ষ্য? যতক্ষণ সম্ভব উইকেট আগলে রাখা।

সেই লক্ষ্যে কতটা অবিচল ছিলেন ফিল্ড, তা বোঝাতে একটি পরিসংখ্যানই যথেষ্ট—১৩২ বল মোকাবিলা করেও রানসংখ্যা শূন্য! ক্রিকেটে ব্যাট সাধারণ লক্ষ্য যেখানে যত দ্রুত সম্ভব রান তোলা, সেখানে ফিল্ড উল্টো পথে হেঁটেছেন। রান করার চেয়ে উইকেট বাঁচানোই হয়ে উঠেছিল তার কাছে বড় চ্যালেঞ্জ।

ফিল্ডের এই ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাচটি ড্র হয়েছে।

আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪৫৪ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল নর্দার্ন। এরপর ইস্টার্ন তাদের প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ফিল্ডের দৃঢ়তায় ইস্টার্ন ৪৬ ওভারে ৬৬ রান তোলার পর দুই অধিনায়ক ড্র মেনে নেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ