২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মাদকমুক্ত যুবসমাজ গড়তে সুন্দরগঞ্জে ম্যারাথন

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২১-১০-২০২৬
মাদকমুক্ত যুবসমাজ গড়তে সুন্দরগঞ্জে ম্যারাথন ছবিঃ সংগৃহীত

‘মাদকমুক্ত যুবসমাজ কুঁড়েঘরের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকবিরোধী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরি এবং খেলাধুলা ও শরীরচর্চায় উৎসাহিত করতে বুধবার সকালে কুঁড়েঘর ফাউন্ডেশন এ আয়োজন করে। চার কিলোমিটারের এ প্রতিযোগিতায় অংশ নেন ৫০ জন প্রতিযোগী।

সকাল ৭টায় উপজেলার হরিপুর ইউনিয়নে মওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তের চারমাথার মোড় থেকে ম্যারাথন শুরু হয়। প্রতিযোগীরা সেতুর অপর প্রান্তে পৌঁছে আবার শুরুর স্থানে ফিরে আসেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের খাবার ও পানীয় সরবরাহ করা হয়। পাশাপাশি তাঁদের হাতে সনদপত্র ও ফিনিশার মেডেল তুলে দেওয়া হয়।

কুঁড়েঘর ফাউন্ডেশনের সভাপতি ফেরদৌস আসিফের সভাপতিত্বে ম্যারাথনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিপুর ব্রিজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবলু হোসাইন, দ্য বেস্ট টিচিং একাডেমির পরিচালক ইউশা আহমেদ তালহা এবং কুঁড়েঘর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রুকনুজ্জামান পলাশ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথি মাহমুদুল ইসলাম প্রামাণিক বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। তরুণদের মাদক থেকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কুঁড়েঘর ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, স্বেচ্ছাসেবক, প্রতিযোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ