ছবিঃ সংগৃহীত
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর কেন্দ্রীয় অন্তর্বর্তীকালীন কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ির কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান তালুকদার দিপু। তাঁকে কমিটিতে সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে ৩৭ সদস্যের এ অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন ইঞ্জিনিয়ার কবীর হোসেন ও ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন। সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান ও উপপরিচালক ড. আবদুল্লাহ আল ফিরোজ স্বাক্ষরিত আদেশে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান তালুকদার দিপু। তিনি ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরামের (জিসাফ) সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’র উপদেষ্টা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাগবাড়ির সন্তান দিপু ব্যবসা ও পেশাগত কারণে ঢাকায় বসবাস করেন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।