শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের নিচতলার প্রবেশপথ থেকে দক্ষিণ দিকে অবস্থিত তৃতীয় দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫ রাজশাহীর সিপিএসসি এবং চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছেন বলে তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সেখানে অভিযান চালিয়ে জাল নোটসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মোঃ বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মৃত রজবুল হকের ছেলে মোঃ মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইউসুফ আলী (৫০)।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে প্রতিষ্ঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জাল টাকা উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারে এ অভিযান চালানো হয়।
কমেন্ট বক্স