ছবিঃ সংগৃহীত
ভাঙাচোরা সড়ক, বৃষ্টিতে জলাবদ্ধতা আর ক্ষতিগ্রস্ত ফুটপাতের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীর সামান্য বৃষ্টিতেই কোথাও কোথাও জমছে পানি, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। ফুটপাতের বেহাল অবস্থায় নিরাপদে চলাচল করতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। এসব সমস্যা সমাধানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সড়ক, নর্দমা ও ফুটপাত সংস্কার এবং উন্নয়নে ৭১৪ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প নেওয়া হচ্ছে।
এর আওতায় ২৮ দশমিক পাঁচ কিলোমিটার সড়ক, ৪৯ কিলোমিটার নর্দমা এবং ৪৮ দশমিক সাত কিলোমিটার ফুটপাত উন্নয়ন করা হবে। পাশাপাশি পাঁচ দশমিক ১৮ কিলোমিটার সড়কের মধ্যবর্তী বিভাজক সংস্কার করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর দক্ষিণ অংশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন এবং পথচারীদের চলাচলে সুবিধা বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাতের সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি আগামী ২৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুমোদন পেলে ২০২৬ সালের অক্টোবর থেকে শুরু করে ২০২৯ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭১৪ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪৯৯ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার টাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ২১৪ কোটি ২৮ লাখ ৩৬ হাজার টাকা ব্যয় করা হবে। সরকারি অর্থায়নের মধ্যে ২৯৯ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকা ঋণ এবং ১৯৯ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান হিসেবে দেওয়ার প্রস্তাব রয়েছে। রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে জনসংখ্যা ও যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক অবকাঠামোর ওপর চাপও বাড়ছে। এর মধ্যে সাম্প্রতিক অতিবৃষ্টিতে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও সড়কের ভাঙাচোরা অবস্থা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। অন্যদিকে, পর্যাপ্ত ও কার্যকর নর্দমার অভাবে বৃষ্টির পানি দ্রুত সরে যেতে পারছে না। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ক্ষতিগ্রস্ত ফুটপাতের কারণে পথচারীদের নিরাপদ চলাচলও ব্যাহত হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়, এসব সমস্যা মোকাবিলায় সিটি করপোরেশনের অঞ্চল এক থেকে পাঁচ-এর আওতাধীন বিভিন্ন এলাকায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের আওতায় ধানমন্ডি, নিউ মার্কেট, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর, লালবাগ, বংশাল, যাত্রাবাড়ী ও মতিঝিল থানা এলাকার সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন করা হবে। খাতভিত্তিক বরাদ্দ অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয়ের সিংহভাগই ব্যয় হবে নর্দমা উন্নয়নে। এ খাতে ৪৯৬ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সড়ক উন্নয়নে ১৪১ কোটি ২৭ লাখ টাকা, ফুটপাত উন্নয়নে ৪৬ কোটি ছয় লাখ টাকা এবং সড়কের মধ্যবর্তী বিভাজক সংস্কারে দুই কোটি সাত লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।