২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

​ঢাকার বাইরে বড় আয়োজন, বিরামপুরের চাকরি মেলায় অংশ নিচ্ছে ৭৩টি প্রতিষ্ঠান

আপলোড সময় : ২৫-১০-২০২৬
​ঢাকার বাইরে বড় আয়োজন, বিরামপুরের চাকরি মেলায় অংশ নিচ্ছে ৭৩টি প্রতিষ্ঠান সংগৃহীত ছবি

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) : রাজধানী ঢাকার বাইরে এবার দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকরি মেলা (জব ফেয়ার)। আগামী ২৭ অক্টোবর বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। এতে ওয়ালটন, ইউনিলিভার, স্কয়ার, প্রাণ-আরএফএল, যমুনা, বসুন্ধরা ও মেঘনা গ্রুপসহ দেশের ৭৩টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলার মাধ্যমে চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম, কর্মসংস্থানের সম্ভাবনা ও চাকরির সুযোগ সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।

আয়োজিত এ চাকরি মেলায় শিল্প ও করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, ওষুধ কোম্পানি, কৃষি, প্রযুক্তি ও শিক্ষা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে থাকছে জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুর এবং মহিলা বিষয়ক অধিদপ্তর। দর্শনার্থীদের সেবায় থাকবে হেল্প ডেস্ক, মেডিক্যাল বুথ ও স্বেচ্ছাসেবক বুথ।

শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, স্কয়ার গ্রুপ, প্রাণ-আরএফএল, ওয়ালটন, যমুনা গ্রুপ, ফ্রেশ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা এবিজি, নাবিল গ্রুপ, মেঘনা গ্রুপ, কাজী ফার্মস, প্রাসাদ গ্রুপ, ইফাদ গ্রুপ, লিরা গ্রুপ, ডায়মন্ড ওয়ার্ল্ড, পিটিকন ইন্ডাস্ট্রিজ, এইচএর রিয়াল এস্টেট, এনসিআর লিমিটেড, টেকনিক্স প্রফেশনাল, লিথিয়াম কিং ও আরনু জুট মিলস।

ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে অংশ নিচ্ছে ইউসিবি ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক পিএলসি, নগদ ও বিকাশ।

ওষুধ ও কৃষি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, একমি ফার্মাসিউটিক্যালস, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস, নাভানা ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, কেমিস্ট ল্যাবরেটরীজ লিমিটেড, পিস এগ্রোভেট ও ব্লেসিং এগ্রোভেট।

এ ছাড়া প্রযুক্তি, শিক্ষা ও অন্যান্য খাতের প্রতিষ্ঠান হিসেবে থাকছে ব্লুম বাডস লিমিটেড, স্টিডফাস্ট কুরিয়ার, স্ট্রিমলাইট, স্ট্রিমলাইন, নুর টেলিকম, আইটি বিটস, দিশানটেক বিডি, রেইনবো, ফিউচার ক্লাউড, কমিউর বাংলাদেশ, ব্রেন স্টেশন ও শিক্ষা ২.০।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত তথ্য ও কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন। তবে কোন প্রতিষ্ঠানে কী পদে নিয়োগ দেওয়া হবে, শূন্য পদের সংখ্যা কত এবং আবেদনপ্রক্রিয়া কী—এসব বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জেনে নিতে হবে।

স্থানীয়ভাবে এ চাকরি মেলার আয়োজন বিরামপুর উপজেলাসহ দিনাজপুরের বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থী ও তরুণ-তরুণীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ