ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ)-এর উদ্যোগে এবং এশিয়ান প্যাকেজিং ফেডারেশন (এপিএফ)-এর সহযোগিতায় ‘সাসটেইন্যাবল অ্যান্ড কোয়ালিটি প্যাকেজিং ফর লোকাল অ্যান্ড গ্লোবাল মার্কেট’ শীর্ষক ৩ দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বনানীর এক হোটেলে এ কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শিল্পী বেগম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিএফ ও বিপিএএমইএ-এর সাবেক সভাপতি সফিউল্লাহ চৌধুরী এবং বিপিএএমইএ-এর সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহরিয়ার।
এ সময় জানানো হয়, বিশ্ববাজারে বর্তমানে প্যাকেজিং পণ্যের প্রায় ৭০০ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল চাহিদা রয়েছে। এই বৈশ্বিক বাজার ধরতে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যেই প্যাকেজিং ও অ্যাকসেসরিজ খাতের উদ্যোক্তা, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।